জন্মদিন \\ শঙ্খ ঘোষ (shankha ghosh)

জন্মদিন

শঙ্খ ঘোষ

 

shankha ghosh, happy birthday

 

তোমার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
আবার আমাদের দেখা হবে কখনো
দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
দেখা হবে সুপুরি বনের কিনারে
আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
হাত তুলে নিয়ে বলব, এই তো, এইরকমই, শুধু
দু-একটা ব্যথা বাকি রয়ে গেল আজও
যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক
যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর
মৃত্যু নেই দিগন্ত অবধি
তোমার জন্মদিনে কী আর দেবো শুধু এই কথাটুকু ছাড়া যে
কাল থেকে রোজই আমার জন্মদিন


শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ ও পিতার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ৷ প্রেসিডেন্সি কলেজে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ জাদবপুর বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেন৷ তিনি অনেক কাব্য গ্রন্থ রচনা করেন সেগুলি হল- দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, এখন সময় নয়, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি

Post a Comment

0 Comments

Close Menu