মাতৃপূজা
কামিনী রায়
যেইদিন ও চরণে ডালি দিনু এ জীবন,
হাসি অশ্রু সেইদিন করিয়াছি বিসর্জন।
হাসিবার কাঁদিবার অবসর নাহি আর,
দুঃখিনী জনম-ভূমি,—মা আমার, মা আমার!
অনল পুষিতে চাহি আপনির হিয়া মাঝে,
আপনারে অপরেরে নিয়োজিতে তব কাজে ;
ছোটখাটো সুখ-দুঃখ—কে হিসাব রাখে তার
তুমি যবে চাহ কাজ,—মা আমার, মা আমার!
অতীতের কথা কহি’ বর্তমান যদি যায়,
সে কথাও কহিব না, হৃদয়ে জপিব তায় ;
গাহি যদি কোন গান, গাব তবে অনিবার,
মরিব তোমারি তরে,—মা আমার, মা আমার!
মরিব তোমারি কাজে, বাঁচিব তোমারি তরে,
নহিলে বিষাদময় এ জীবন কেবা ধরে?
যতদিন না ঘুচিবে তোমার কলঙ্ক-ভার,
থাক্ প্রাণ, যাক্ প্রাণ,—মা আমার, মা আমার!
কামিনী রায় পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) ১৮৬৪ সালে ১২ই অক্টোবর বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন৷ তিনি ভারতের প্রথম নারী যিনি সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রী লাভ করেন ১৮৮৬ সালে । মাত্র ৮ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। ১৮৮৯ সালে মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য গ্রন্থ "আলো ও ছায়া" প্রকাশিত হয়৷ তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের গুলি হল - দীপ ও ধূপ, অশোক সঙ্গীত, জীবন পথে, অম্বা ইত্যাদি৷ তিনি "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনাম নিয়ে ছিলেন৷
0 Comments