স্মৃতিচিহ্ন
কামিনী রায়
ওরা ভেবেছিল মনে আপনার নাম
মনোহর হর্ম্মরূপে বিশাল অক্ষরে
ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে
রেখে যাবে ! মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম।
প্রস্তর খসিয়াছে ভূমে প্রস্তরের পরে,
চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে
লুপ্ত স্মৃতি ; শুষ্ক তৃণ কাল-নদী-জলে
ভেসে যায় নামগুলি, কেবা রক্ষা করে!
মানব হৃদয় ভুমি করি অধিকার,
করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন,
দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল
প্রস্তরের এত বোঝা জড় করিবার ;
তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন
কাল স্রোতে ধৌত নাম নিত্যসমুজ্জ্বল।
কামিনী রায় জন্মগ্রহণ করেন ১২ অক্টোবর ১৮৬৪ খ্রীস্টাব্দে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে (বর্তমানে যা বরিশাল জেলার অংশ)।
তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রী লাভ করেন। মাত্র ৮
বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন। পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য গ্রন্থ
আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ খ্রীস্টাব্দে। গ্রন্থটি প্রকাশিত হলে তার
কবিখ্যাতি ছড়িয়ে পড়ে।
0 Comments