মুগ্ধ প্রণয়
কামিনী রায়
সে কি কথা - যারে চেয়েছিলে
পাও নাই সন্ধান তাহার?
কারে বলে’ কার গলে দিলে
প্রণয়ের পারিজাত হার?
মুগ্ধ নর ; আঁখি ছলে মন ;
কল্পনা সে বাস্তবের ছায় ;
চারু মূর্তি করিয়া গঠন,
শিল্পী ভাল বেসেছিলে তায়।
স্বরচিত প্রতিমার তরে
উন্মত্ত হইল যবে প্রাণ,
দেবতারে কহিল কাতরে -
পাষাণে জীবন কর দান।
প্রেমময় বিধাতার বরে
সে বাসনা পূর্ণ হ’ল তার -
অনুভূতি কঠোর প্রস্তরে,
প্রতিমায় জীবন সঞ্চার।
পাষাণের প্রতিমাটি যবে
প্রাণময়ী নারীরূপ ধরে,
নারী তবে পাবে না কি তবে
দেবী হ’তে বিধাতার বরে?
কামিনী রায় জন্মগ্রহণ করেন ১২ অক্টোবর ১৮৬৪ খ্রীস্টাব্দে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) বাকেরগঞ্জের বাসণ্ডা গ্রামে (বর্তমানে যা বরিশাল জেলার অংশ)। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রী লাভ করেন। মাত্র ৮ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন। পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য গ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ খ্রীস্টাব্দে। গ্রন্থটি প্রকাশিত হলে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে।
0 Comments