হারিয়ে পাওয়া \\ সুকুমার রায় \\

হারিয়ে পাওয়া

সুকুমার রায়

sukumar ray


ঠাকুরদাদার চশমা কোথা?
ওরে গণ্‌শা, হাবুল, ভোঁতা,
দেখ্‌না হেথা, দেখ্‌না হোথা- খোঁজ না নিচে গিয়ে ।

কই কই কই? কোথায় গেল ?
টেবিল টানো, ডেস্কো ঠেল,
ঘরদোর সব উলটে ফেল- খোঁচাও লাঠি দিয়ে ।

খুঁজছে মিছে কুঁজোর পিছে,
জুতোর ফাঁকে, খাটের নিচে,
কেউ বা জোরে পর্দা খিঁচে- বিছনা দেখে ঝেড়ে-

লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে
ক্লান্ত সবে পড়্‌ল থেমে,
ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেড়েমেড়ে ।

বলেন রেগে, “চশমাটা কি
ঠাং গজিয়ে ভাগ্‌ল নাকি ?
খোঁজার নামে কেবল ফাঁকি- দেখছি আমি এসে !”

যেমন বলা দারূণ রোষে,
কপাল থেকে অম্নি খ’সে
চশমা পড়ে তক্তপোশে- সবাই ওঠে হেসে !

 


সুকুমার রায় ১৮৮৭ সালে ৩০শে অক্টোবর ব্রিটিশ ভারতের (অধুনা, বাংলাদেশে) জন্মগ্রহণ করেন৷ তার পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী৷ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যায় বি.এস.সি (অনার্স) করেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যান৷ তার সময়কালে বাংলা সাহিত্যের নবজাগরণ ঘটে৷ তার ছদ্মনাম "উহ্যনাম পণ্ডিত"৷ তার রচনাগুলি - আবোল তাবোল, অবাক জলপাল, হ-য-ব-র-ল, খাই-খাই, বহুরূপী ইত্যাদি৷

Post a Comment

0 Comments

Close Menu