আশ্চর্য
নিরীহ কলম, নিরীহ কালি,
নিরীহ কাগজে লিখিল গালি-
“বাঁদর বেকুব আজব হাঁদা
বকাট্ ফাজিল অকাট্ গাধা ।”
আবার লিখিল কলম ধরি
বচন মিষ্টি, যতন করি-
“শান্ত মানিক শিষ্ট সাধু
বাছারে ধনরে, লক্ষ্মী যাদু ।”
মনের কথাটি ছিল যে মনে,
রটিয়া উঠিল খাতার কোণে,
আঁচড়ে আঁকিতে আখর ক’টি
কেহ খুশি কেহ উঠিল চটি !
রকম রকম কালির টানে
কারো হাসি কারো অশ্রু আনে,
মারে না, ধরে না, হাঁকে না বুলি
লোকে হাসে কাঁদে কি দেখি ভুলি ?
সাদায় কালো কি খেলা জানে ?
ভাবিয়া ভাবিয়া না পাই মানে ।
সুকুমার রায় ১৮৮৭ সালে ৩০শে অক্টোবর ব্রিটিশ ভারতের (অধুনা বাংলাদেশে) জন্মগ্রহণ করেন৷ তার পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী৷ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যায় বি.এস.সি (অনার্স) করেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যান৷ তার সময়কালে বাংলা সাহিত্যের নবজাগরণ ঘটে৷ তার ছদ্মনাম "উহ্যনাম পণ্ডিত"৷ তার রচনাগুলি - আবোল তাবোল, অবাক জলপাল, হ-য-ব-র-ল, খাই-খাই, বহুরূপী ইত্যাদি৷
0 Comments